ভবিষ্যতে আরো জনশক্তি নেবে সৌদি আরব
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:১২
সফররত সৌদি মজলিসে শূরার স্পিকার ড. আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল-শেখ বলেছেন, ভবিষ্যতে তার দেশে বাংলাদেশ থেকে আরো অধিক জনশক্তি নেয়া হবে।
মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত্কালে তিনি একথা বলেন। সৌদি স্পিকার বলেন, তার দেশে বর্তমানে প্রায় ২৫ লাখ বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছে। তারা সততা ও নিষ্ঠার সাথে সেখানে দায়িত্ব পালন করছেন। তার দেশের সরকার বাংলাদেশ থেকে আরো অধিক জনশক্তি নিয়োগ দেবে। তিনি বলেন, ‘এ দেশ থেকে আরো জনশক্তি নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সংসদীয় গ্রুপের সাথে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
স্পিকার বলেন, তার দেশ বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ সব ধরনের সম্পর্ক সম্প্র্রসারণে আগ্রহী। তিনি বাংলাদেশের অর্থনৈতিক খাতের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে এ দেশের জনগণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হবে। স্পিকার রাষ্ট্রপতিকে সৌদি বাদশাহর শুভেচ্ছা জানান এবং বলেন, বাদশাহ তাঁকে সুযোগমত সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
রাষ্ট্রপতি সৌদি সংসদীয় প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ সৌদি আরবের সাথে সম্পর্কের ব্যাপারে অধিক গুরুত্ব দিচ্ছে এবং সব ক্ষেত্রে এ সম্পর্ক আরো গভীরতর করতে আগ্রহী। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ আরো বৃদ্ধি পাবে।
সাক্ষাতের সময় প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে সৌদি মজলিসে শূরার সদস্য ড. হাতেম বিন আরিফ আল শরীফ, ড. সালেহ বিন জাবেন আলবুকামী, সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ নাসের আল বুশাইরি, বাংলাদেশ-সৌদি পার্লামেন্টারী ফ্রেন্ডশীপ গ্রুপের চেয়ারম্যান বজলুল হক হারুন এমপি, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শহীদুল আলম ও রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।