অগ্নিনির্বাপন সংক্রান্ত রিপোর্ট দাখিলে হাইকোর্টের নির্দেশ

আশুলিয়ার তাজরীন ফ্যাশন কারখানার অগ্নিনির্বাপণ ও নির্গমন ব্যবস্থা সংক্রান্ত সরকারের পরিদর্শন প্রতিবেদন ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্টে। সেই সঙ্গে অগ্নিনির্বাপণ আইন-২০০৩ এর অধীনে পোশাক কারাখানাটির যাবতীয় অনুমোদন সংক্রান্ত নথিপত্র ও দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া ওই পোশাক কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে অগ্নিনির্বাপণ আইনানুযায়ী কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একইসঙ্গে অগ্নিকাণ্ডে নিহত পোশাক শ্রমিকদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। গত ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশন্সে ভায়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হন। ওই ঘটনায় সরকারের অবহেলা ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমীন হাইকোর্টে রিট করেন। রিটকারীর পক্ষে এডভোকেট ইমতিয়াজ ফারুক শুনানি করেন।