মহাদেবপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ২ কি. মি. রাস্তা নির্মাণ করেছে এলাকাবাসী। পোরশা উপজেলার ১৪ গ্রাম ও মহাদেবপুর উপজেলার ৮ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। স্বাধীনতার পর থেকে এলাকাবাসী এ রাস্তা নির্মাণের জন্য দাবি জানিয়ে আসলেও তাদের সে দাবি পূরণ না হওয়ায় অবশেষে এলাকার জনগণ নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। গত ৩ দিন ধরে প্রায় ২ হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে এ রাস্তা নির্মাণ করেন। গত শনিবার দুপুরে রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করেন হাতুড় ইউপি চেয়ারম্যান মো. আকবার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারাজুল ইসলাম সাহাজাহান আলী, যুবলীগ নেতা আক্কাস আলী, আওয়ামী লীগ নেতা ভোলানাথ বর্মণ প্রমুখ। সোমবার এ রাস্তা নির্মাণের কাজ শেষ হয়।