গাংনীতে নিষিদ্ধ নোট বই বিক্রি হচ্ছে

সরকার নোট বই বিক্রি নিষিদ্ধ করলেও স্থানীয় প্রশাসন ও এক শ্রেণির অসাধু শিক্ষকের সহায়তায় গাংনীতে দেদারছে চলছে নোট বই বিক্রি। গাংনী উপজেলা চত্বরে ৭৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সৌজন্য নোট বই বিতরণ করে শ্যামলী বুক ল্যান্ড গাংনী। নোট বই বিক্রি হওয়ায় সৃজনশিক্ষা নিয়ে সরকারের বিরুদ্ধে নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে। গাংনী উপজেলায় ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুথিনিলয়ের নোট বই বিক্রি হচ্ছে। আর এ বই বিক্রিতে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে। এছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটম নামের নোট বই বিক্রি করা হচ্ছে। আর সাধারণ শিক্ষার্থীদের কাছে চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে। চড়া মূল্যের বই কিনতে না পেরে অনেক গরীব শিক্ষার্থী স্কুল ছেড়ে দিচ্ছে। এদিকে অসাধু লাইব্রেরি ও শিক্ষকদের কারণে প্রাথমিক স্তরেই ঝরে পড়ছে হাজারো শিশু-কিশোর। এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম বলেন, নিষিদ্ধ নোট বই বিক্রি বন্ধে খুব শীঘ্রই অভিযান চালানো হবে। তাছাড়া নোট বই ক্রয় করতে শিক্ষকরা ছাত্র/ছাত্রীদের উপর চাপ প্রয়োগ করছে বলে একাধিক অভিভাবক জানিয়েছেন। জানা গেছে, নোট বই বিক্রির অতিরিক্ত টাকা শিক্ষকদের মাঝে ভাগাভাগি করা হচ্ছে।