ভুরুঙ্গামারীর সীমান্তে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ

ভুরুঙ্গামারীতে কাঠগিরী সীমান্তে মাটির রাস্তা মেরামতের কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় বিএসএফ। জানা গেছে, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগিরী মৌজায় ইসমাইলের বাড়ি হতে বালাটারী পর্যন্ত কাঁচা রাস্তা মেরামতের জন্য প্রকল্প বাস্তবায়ন বিভাগ ৪০ দিনের কাজ শুরু করে। বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহল ছিট গাড়াল ঝড়া-২ এর পাশ দিয়ে রাস্তায় মাটি ভরাটের সময় মঙ্গলবার দুপুরে ভারতের দীঘলটারী ও গাড়ালঝড়া বিএসএফ যৌথভাবে রাস্তা মেরামতের কাজ বন্ধ করে দেয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, বিএসএফ বাধা দেয়ায় শ্রমিকদের অন্য স্থানে সরিয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। দিয়াডাঙ্গা বিজিবি কমান্ডার সুবেদার আবুল কালাম চৌধুরী জানান, আমরা অভিযোগ পাবার পর বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়েছি পতাকা বৈঠকের জন্য।