বিরামপুর জেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বিরামপুরকে জেলা ঘোষণার দাবিতে চার উপজেলার রাজনীতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন বুধবার বিরামপুর মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোজাফফর রহমান সকাল ১১টায় মানববন্ধনের সূচনা করেন। এসময় যাত্রী ছাউনির উন্মুক্ত মঞ্চে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লুত্ফর রহমান শাহ্, হাকিমপুরের মুক্তিযোদ্ধা অজিত রায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা আবু হানিফ সরকার, আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ন্যাপের জেলা সেক্রেটারী আব্দুল আজিজ সরকার, জেলা বিএনপি নেতা তোছাদ্দেক হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলার গণমানুষের ৩৫ বছরের প্রাণের দাবি বিরামপুরকে জেলা ঘোষণার। এ দাবির সমর্থনে আগামী ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।