মিয়ানমারের ৩৩ নাগরিককে পুশব্যাক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল বুধবার ৩৩ মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। মিয়ানমার সীমান্তে দায়িত্বরত বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়ান এবং টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ান সদস্যরা তাদের আটক করে। পরে একই সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. খালেকুজ্জামান জানান, কক্সবাজারস্থ ১৭ বিজিবির আওতাধীন নাইক্ষ্যংছড়ির তমব্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৯ মিয়ানমার নাগরিক বিজিবির সদস্যদের হাতে ধরা পড়ে। পরে এসব মিয়ানমার নাগরিকদের মানবিক সাহায্য দিয়ে একই সীমান্ত পয়েন্ট দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপরদিকে টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাহিদ হাসান জানান, তার ব্যাটালিয়ানের আওতাধীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ২৪ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। পরে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।