কনকনে ঠান্ডায়ও জমজমাট মেলা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
গতকাল বুধবার শীতের হিমেল হাওয়া বইতে থাকলেও থেমে থাকেনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মানুষের সমাগম। দর্শনার্থী ও ক্রেতাদের কোলাহল পুরো মেলা জুড়ে। গতকাল মেলা প্রাঙ্গণে তরুণ-তরুণী ও যুবক-যুবতীরাই বেশি ছিল।
শুধু মেয়েদের সাজ-সজ্জার জন্য প্রসাধনী পণ্য নিয়ে মেলায় এসেছে প্রায় ২০টি স্টল ও প্যাভেলিয়ন। এসব স্টল ও প্যাভেলিয়নগুলো মেলার বিভিন্ন জায়গায় ছড়ানো-ছিটানো। এসব স্টল ও প্যাভেলিয়নের মধ্যে রয়েছে থাই গ্যালারি, টেকনোলজি ফ্যাশন প্রোডাক্টস, পাকিস্তানি প্যাভেলিয়ন, ইরানি প্যাভেলিয়ন, ফ্যামিলি মার্ট, মায়ের দোওয়া ইত্যাদি। এসব স্টল ও প্যাভেলিয়নে মেয়েদের সাজ-সজ্জার নানা পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা।
পণ্যের মধ্যে রয়েছে টিপ টিপ বেবি, মেলামাইন বেবি, এম কলস কাঁকড়া, সিট পাথর কাকরা, টাইটনিক ক্লিপ, পাথর ক্লিপ, হেয়ার ব্যান্ড, রশি খোঁপা, মতি ফুল ইত্যাদি। এসব পণ্যের দাম ৩০ টাকা থেকে শুরু করে ৩’শ টাকা পর্যন্ত।
শুধু মেয়েদের জন্য নানা পণ্য নিয়ে এসেছে ‘হ্যাপি ডে’ নামক স্টলটি। স্টলের মালিক মো: শারমিন ‘ইত্তেফাক’কে জানান, খুব ভালো বিক্রি হচ্ছে। স্টলে ভিড় লেগেই থাকে। বেচাকেনায় গত বছরকে ছাড়িয়ে যেতে পারবো আশা করছি।
ধানমন্ডি থেকে একসাথে মেলায় এসেছেন চার বান্ধবী, মিলি, কলী, তুষা ও সীতা। মেলা থেকে অনেক প্রসাধনী কিনেছেন তারা। তুষা জানান, এবারে প্রথম এসেছি মেলায়। তেমন কিছু কেনাকাটা করার মন ছিলো না। কিন্তু মেলায় এসে নিজেকে সামলাতে পারলাম না। অনেক প্রসাধনী পণ্য কিনলাম। কারণ এসব পণ্য বাইরের দোকানে সচরাচর একসাথে পাওয়া যায় না।
আকিজ ফুড এন্ড বেভারেজ
মেলার ব্যতিক্রমী প্যাভেলিয়ন করেছে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড। প্যাভেলিয়নের সামনের দিকটা মনে হয় ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এরকম ব্যতিক্রম প্যাভেলিয়নে নিয়ে এসেছেন তাদের ‘স্পিড’। রয়েছে ফ্রুটিকা, ফার্ম ফ্রেশ, মোজো, ক্লেমন ইত্যাদি। এ প্যাভেলিয়নের প্রধান আকর্ষণ স্পিড গেমস্ জোন। জোনে রয়েছে হাই স্ট্রাইকার, থ্রি-ডি রেসিং কার এবং এক্স-এক্স ইত্যাদি এক্সাইটিং গেমস।