সংবিধান বহাল রেখেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সম্ভব
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২২:০৩
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, বর্তমান সংবিধান বহাল রেখেই নির্দলীয়, অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। তবে এক্ষেত্রে বড় প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, সহনশীল অবস্থা ও সমঝোতা। পাবলিক লাইব্রেরী মিলনায়-তনে গতকাল বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলকে সংসদে আসার আহবান জানিয়ে তিনি বলেন, সকল দলের অংশগ্রহণে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় সে ব্যাপারে সংসদে আলোচনা হতে পারে। এক্ষেত্রে সংবিধান সংশোধন করার কোন প্রয়োজন নেই। নির্বাচন নিয়ে বিরোধী দলের রাজপথে আন্দোলনের কোন প্রয়োজন নেই উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে যে সন্দেহ-সংশয় শুরু হয়েছে, প্রধানমন্ত্রী এ ব্যাপারে জনগণকে আশ্বস্ত করেছেন। যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অভিনেতা এটিএম শামসুজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।