ফের জামিনের আবেদন করলেন
ফখরুল
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২২:০৬
হাকিম আদালতে নাকচ হয়ে যাওয়ার পর এবার দায়রা আদালতে জামিনের আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মতিঝিল ও সূত্রাপুর থানার পৃথক দু’টি মামলায় তার জামিনের আবেদন করা হয়। গতকাল বুধবার ফখরুলের জামিন চেয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পৃথক দুটি আবেদন করা হয়।
সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ১৫ জানুয়ারি আবেদন দুটি শুনানি জন্য দিন ধার্য করেছেন।
ফখরুলের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ বিষয়টি নিশ্চিত করে ইত্তেফাককে জানান, গত মঙ্গলবার এ দুটি মামলায় ঢাকার হাকিম আদালতের জামিন না-মঞ্জুরের আদেশে ক্ষুুব্ধ হয়ে মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করা হয়েছে।
গত বছরের ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধে রাজধানীর মতিঝিল থানার মামলাটি বিস্ফোরক আইনের ৩ ও ৬ ধারায় ও সূত্রাপুর থানার মামলাটি পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা হয়।
পল্টন ও শেরেবাংলা নগর থানার দুই মামলায় হাইকোর্ট ২ জানুয়ারি ফখরুলের জামিন মঞ্জুর করার পর ওইদিনই মতিঝিল ও সূত্রাপুর থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১৭ দিন রিমান্ডের আবেদন করা হয়েছিল। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত সিএমএম সহিদুল ইসলাম এ রিমান্ড ও জামিনের আবেদন না-মঞ্জুর করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।