সাগরদাঁড়ি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ১৮:৫৭
যে দেশে রাবণ নেই
সে দেশে সীতার সতিত্ব নিয়ে প্রশ্ন ওঠে কেন
যে দেশে সাগরদাঁড়ি মধুশূন্য মরে
সে দেশে কপোতাক্ষ কী আশায় হবে প্রবাহিত
বঙ্গদেশে জন্ম যার তার কোনো মাতৃভক্তি নেই
রামের দোসর সব অর্ঘ্য দেয় পাণ্ডবের পায়ে
ক্ষত্রিয়ের পক্ষ নিয়ে পূর্বপুরুষ যারা ছিল যুদ্ধমান
তারা কি কৈবর্তের রক্ত নিয়ে আসেনি বাংলায়
জন্মদাতা যেই হোক জননী জাহ্নবী জানে সন্তানের শোক
জানে এই সাগরদাঁড়ির তীরে অভিমান হাহাকার করে
কোনো জনশূন্য নদ যদি খুঁজে পায় স্মৃতির লবণ
বাতাসের হাতে হাতে বিলি হয় প্যারিসের স্বপ্নপত্রগুলো
তবে কি আসবেন তিনি রক্ষকুলোদ্ভব
কবি হয়ে দেশে ফিরবে মধু—মা ভাবেন পুত্রদেবতা
সাগরদাঁড়িতে ফের জলবন্যা হবে
ক্ষুধা ও খরায় দেবে খানিক অভয়
নদ হবে স্রোতবান দিগন্তের দিকে
জাহাজ পোতাশ্রয় পেয়ে শান্ত হবে অপেক্ষা অনেক
আর চতুর্দশপদী বুকে শুয়ে থাকবে বাংলাদেশ
মধুর মায়ের মতো সাগরদাঁড়িতে