স্কুল বহির্ভূত শিশুদের প্রাথমিক শিক্ষা প্রকল্পে
বিশ্বব্যাংকের ১৩ কোটি ডলার ঋণ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
সুবিধা বঞ্চিত পরিবারের স্কুল বহির্ভূত শিশুদের প্রাথমিক শিক্ষার মূলধারায় আনার জন্য রিচিং আউট অফ স্কুল চিলড্রেন প্রজেক্ট -২ (রস-২) প্রকল্পে ১৩ কোটি ডলার বা প্রায় ১ হাজার ৮২ কোটি টাকার সমপরিমাণ ঋণ দেবে বিশ্বব্যাংক।
প্রকল্পটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হবে। উল্লেখ্য, প্রকল্পটির প্রথম পর্যায়ে বিশ্বব্যাংকের ৮ কোটি ৬০ লাখ ডলার (৫ কোটি ১০ লাখ অনুদান ও সাড়ে ৩ কোটি ডলার ঋণ) আর্থিক সহায়তা জুলাই ২০০৪ থেকে মার্চ ২০১৩ মেয়াদে বাস্তবায়নাধীন রয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে ইআরডি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. আবুল কালাম আজাদ এবং বিশ্বব্যাংকের পক্ষে কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ড স্টেইন চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ইআরডি ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোল্ডস্টেইন বলেন, এ প্রকল্প বর্ধিত করার মাধ্যমে প্রাথমিক স্কুল থেকে ঝরে পড়ার হার আরো কমে আসবে। এ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো শহর এলাকার বস্তিতে বসবাসকারী শিশুদের জন্য শিক্ষার সুযোগ করে দেয়া হবে।
এসময় জানানো হয়, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো, নির্বাচিত এলাকায় প্রাথমিক বিদ্যালয় বহির্ভূত শিশুদের সমতার ভিত্তিতে মানসম্মতভাবে প্রাথমিক শিক্ষা চক্র সমাপনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে সবার জন্য শিক্ষা লক্ষ্য অর্জনে সহায়তা করা। প্রকল্পের আওতায় ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের এনজিও এবং কমিউনিটি বেজড সংস্থা বা সিবিও দ্বারা পরিচালিত শিক্ষা কেন্দ গুলোর মাধ্যমে উপানুষ্ঠানিক পদ্ধতিতে প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও অধ্যয়নরত শিশুদের শিক্ষা ভাতা প্রদান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মদক্ষতা বৃদ্ধি করার ব্যবস্থা গ্রহণ। রস-২ প্রকল্পটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক চলতি বছর জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর মেয়াদে ১শ’টি উপজেলায় বাস্তবায়িত হবে। দশ বছর রেয়াতী মেয়াদসহ দশমিক ৭৫ শতাংশ সুদে এ ঋণ ৪০ বছরে শোধ করতে হবে।