রাঙ্গামাটিতে পার্বত্য মেলা শুরু আজ

রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী পার্বত্য ব্যাংকার ও উদ্যোক্তা মেলা-২০১৩ আজ শুরু হচ্ছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং উদ্যোক্তা উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলাটি উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম। এতে প্রধান অতিথি থাকবেন পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিনিরেন্দ বদুপ্রিয় লারমা। রাঙ্গামাটি জিমনেসিয়ামে অনুষ্ঠিতব্য মেলায় দেশে কার্যরত ২২টি ব্যাংক ছাড়াও ১টি আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং ঢাকার শতাধিক এসএমই নারী উদ্যোক্তার তৈরিকরা হ্যান্ডিক্র্যাফট, বাঁশের তৈরি বিভিন্ন ফার্নিচার প্রদর্শন করা হবে। পার্বত্য এলাকায় আদিবাসী এসএমই উদ্যোক্তাদের উত্পাদিত পণ্যসমূহের প্রচার ও প্রসার করাই এ মেলার মূল লক্ষ্য। জানা গেছে, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। মেলায় অংশগ্রহণকারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।