রাসেলের বিপক্ষে জামালের প্রতিশোধের লড়াই আজ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৪৪
ঘরোয়া ফুটবলের শক্তিশালী দুই দল শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব আজ শুক্রবার পরস্পরের মুখোমুখি হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ খেলাটি শিরোপা লড়াইয়ে ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশন বিকাল সাড়ে চারটায় সরাসরি খেলাটি সম্প্র্রচার করবে।
কারণ দল ‘ছোট ভাই’ শেখ রাসেল ও ‘বড় ভাই’ শেখ জামাল এখন পয়েন্ট টেবিলে একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আবাহনী সাত ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেলেও শিরোপাধারীদের চাইতে এক ম্যাচ কম খেলা শেখ জামাল ও শেখ রাসেলের পয়েন্ট যথাক্রমে ১৬ ও ১৭। তাই আজকের মোকাবেলায় বিজয়ী দল শীর্ষে উঠে যাবে।
এবারের ফেডারেশন কাপে শেখ রাসেল শেষ মুহূর্তের গোলে শেখ জামালকে হারিয়ে প্রথমবারের মতো বড় কোন টুর্নামেন্টের শিরোপা জয় করে। তাই পেশাদার লিগের এ খেলায় রাসেলের বিপক্ষে প্রতিশোধ নিতে চাইবে শেখ জামাল।
সব মিলিয়ে আবাহনী ও মোহামেডান ম্যাচের পর পৌষের শীতার্ত বিকেলেও টানটান উত্তেজনার দেখা মিলতে পারে খেলাটিতে।
পেশাদার ফুটবল লিগে শেখ জামালের তৃতীয় মৌসুম চলছে। আগের দুই মৌসুমে জামাল এবং রাসেল চার বার মুখোমুখি হয়। এর মধ্যে জয়ের পাল্লা ভারি জামালের। তারা দুইবার গোল শূন্য ড্র করলেও রাসেলের বিরুদ্ধে জিতেছে দুই বার।
সাম্প্র্রতিক ইতিহাস বিবেচনায় দুদলের এবারের ফেডারেশন কাপের ফাইনালটি ছিল উত্তেজনাপূর্ণ। ১২০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইনজুরি টাইমে সনি নরডের দুর্দান্ত এক গোলে শিরোপা জয় করে শেখ রাসেল। তাই এদিনও দেখা মিলতে পারে সেই উত্তাপের। অপরদিকে লিগের প্রেক্ষিতে বলা যায়; ভুল হলেই পিছিয়ে যেতে হবে। শেখ রাসেল মোহামেডানের কাছে হেরে পিছিয়ে যায়, নইলে বাকিটা মৌসুম বেশ ছন্দে ছিল দলটি। তারপরও আরেক বড় দল আবাহনীকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে ফিরে আসে শেখ রাসেল।
এদিক থেকে এগিয়ে শেখ জামাল; এখনও হারের গ্লানি নিতে হয়নি দলটিকে। একটি গোল শূন্য ড্র আছে, সেটাও আবার আবাহনীর বিরুদ্ধে। আজকের ম্যাচের জয় পরাজয়ে নির্ধারণ হবে রাসেল, জামাল ও আবাহনীর পয়েন্ট টেবিলের অবস্থান। মুক্তিযোদ্ধাও সাত খেলায় ১৩ পয়েন্ট নিয়ে উপরে উঠার লড়াই চালিয়ে যাচ্ছে।
শেখ রাসেলের প্লে মেকার জাহিদ হোসেন খেলতে পারছেন না আজ। মোটর সাইকেল দুর্ঘটনায় সামান্য আঘাত পাওয়া খেলোয়াড়টি সম্পর্কে দলের কোচ মারুফুল হক বলেন ‘জাহিদের খেলার সুযোগ কম। তবে নিয়মিত গোল করা মিথুন প্রথম একাদশে খেলবেন।’ শেখ জামালের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসির দলে অধিনায়ক শরিফ ছাড়া তেমন কোনো ইনজুরি নেই। শরিফের পরিবর্তে অধিনায়ক থাকছেন হাসান আল মামুন। ম্যাচের আগে শেখ জামালের এই কোচ বলেন, ‘প্রতিটি ম্যাচ আমরা একই গুরুত্ব দিয়ে দেখি। আমাদের কাছে সব বিভাগেই সেরা খেলোয়াড় রয়েছে। পেছনের ম্যাচগুলোর মতো একই ধারাবাহিকতায় জয় ছিনিয়ে আনব।’