এবারও চিটাগাংয়ের অধিনায়ক রিয়াদ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৪৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চিটাগাং কিংসের অধিনায়ক হিসেবে এবারও থাকবেন জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
চিটাগাং কিংস দলের মালিক সামির কাদের চৌধুরী বলেন, ‘অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমাদের দলের জন্য ক্রিকেটীয় দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়ার মতো সেই সবচেয়ে যোগ্য খেলোয়াড়।’
এদিকে পাকিস্তানি খেলোয়াড় সাঈদ আনোয়ার জুনিয়রের বদলি হিসেবে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইটকে দলে নেয়ার জন্য বিপিএল গভর্নিং কমিটির কাছ থেকে ছাড়পত্র পেয়েছে চিটাগাং। আর দেশি খেলোয়াড়দের মধ্যে তারা নতুন করে দলে নিয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়রকে। শন টেইটকে দলে নিতে চিটাগাং ৭৫ হাজার ডলার খরচ করছে। মেহরাবের মূল্য ১০ হাজার ডলার।