ডুমুরিয়ায় ব্যবসায়ী হত্যার ঘটনায় একজন আটক

ডুমুরিয়ায় ঘের ব্যবসায়ী মাহবুবুর রহমান হত্যারহস্য উদঘাটন। হত্যার সাথে জড়িত সন্দেহে মিন্টু রহমান (২৯) নামের এক যুবক আটক হয়েছে। পুলিশ সূত্র জানায়, ডুমুরিয়ার নিহত ঘের ব্যবসায়ী মাহবুবুর রহমানের(৩৫) হত্যাকারী সন্দেহে মিন্টু রহমানকে(২৯) গত ৪০ দিন পর ডুমুরিয়া থানা পুলিশ যশোর জেলার ঝিকরগাছা থানার ছুটিপুর এলাকা থেকে বুধবার ভোরে আটক করে। নিহত মাহবুবুর রহমান খুলনা শহরের বয়রা এলাকার বাসিন্দা। মৃত্যুর আগে সে ডুমুরিয়া থানার হাসান খালী কাটা খালপাড় নামক স্থানে নিজের জমিতে চিংড়ি ঘের তৈরি করে। সেখানে কর্মচারী খোকনকে (৩৫) নিয়ে প্রায়ই থাকতেন। গত ৩০ নভেম্বর নিজ ঘেরে তিনি খুন হন। দু’দিন পর মা মজিরন বেগম(৬০) ঘেরে এসে তার লাশ সনাক্ত করে। স্ত্রী নুপুর বেগম (২৭) বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) তাজুল ইসলাম জানান- নিহত ঘের ব্যবসায়ী নিয়মিত মাদক সেবন করতো। হত্যাকারী মিন্টু রহমানও একজন মাদকসেবী ও ব্যবসায়ী। আটক মিন্টু রহমান ২০০৭ সালে তার নিজ এলাকা ছুটিপুরে খোকন নামে এক যুবককে হত্যা করে। সে মামলায় ৩ বছর কারাগারে থাকে । সম্প্রতি জামিনে মুক্তি পায়। তার স্বীকারোক্তি অনুযায়ী নিহতের ব্যবহূত টর্চলাইট, মোবাইল ফোন, ও একটি চাদর মিন্টুর কাছ থেকে উদ্ধার করা হয়। ঘের কর্মচারী খোকনের মাধ্যমে মিন্টু রহমানের সাথে মাহবুবুর রহমানের পরিচয় হয়। ডুমুরিয়া থানায় আটক মিন্টু রহমান গত বুধবার বলেন- দীর্ঘদিন ধরে আমি মাদক ব্যবসা ও সেবন করে থাকি। দিনেরবেলা সেলুনে কাজ করি। নিহত মাহবুবুর রহমান আমাকে দিয়ে হেরোইন এনে নিজে সেবন করত। আমি তার কাছে হেরোইন বিক্রির পাওনা টাকা চাইতে গেলে সে টাকা দিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখালে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাই।