সিডনি ইন্টারন্যাশনাল
টানা জয়ে ফাইনালে রাদওয়ানস্কা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
শীর্ষ বাছাই পোল্যান্ডের অগ্নিয়েস্কা রাদওয়ানস্কা চলতি মৌসুমে নিজের রেকর্ড টানা অষ্টম জয়ে সিডনি ইন্টারন্যাশনালের ফাইনালে উঠেছেন। ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের ফাইনালে তার প্রতিপক্ষ হলেন ডোমিনিকা চিবুলকোভা। আজ শুক্রবার অনুষ্ঠিত হবে দুজনের শিরোপা লড়াই।
রাদওয়ানস্কা সিডনিতে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিফাইনালে প্রতিযোগিতার ২০১১ সালের চ্যাম্পিয়ন চীনের লি নাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে এই কৃতিত্ব দেখান। এক ঘণ্টা ৩২ মিনিট স্থায়ী হয় দুজনের এ লড়াই। লি অবশ্য কোয়ার্টার ফাইনালেও বাড়তি ঘাম ঝরিয়ে জিতেছিলেন। কেননা আমেরিকান ম্যাডিসন কিস-এর বিরুদ্ধে জিতলেও পুরো তিন সেট খেলতে হয়েছিল তাকে।
মেলবোর্নে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের আগে রাদওয়ানস্কা দুর্দান্ত ফর্মে আছেন। এর আগে অকল্যান্ডে ইয়ানিনা উইকমায়ারকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকা এই তারকা। স্লোভাকিয়ান চিবুলকোভা অপর সেমিফাইনালে ৬-২, ৪-৬, ৬-৩ গেমে হারান দ্বিতীয় বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে। ২০০৭ সালে ইয়েলেনা ইয়ানকোভিচের ফাইনালের পর এই প্রথম কোন অবাছাই খেলোয়াড় সিডনির এই প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে যোগ দিলেন। সব মিলিয়ে ১৯৯০-এর পর এ ধরনের কৃতিত্ব দেখালো পঞ্চম অবাছাই খেলোয়াড়। অপর চারজন হলেন জেনিফার ক্যাপ্রিয়াটি, ভেনাস উইলিয়ামস ও স্যাম স্টোসার।