কোপা ইতালিয়ায় সেমিতে জুভেন্টাস

এসি মিলানকে ২-১ গোল হারিয়ে বুধবার কোপা ইতালিয়ার সেমিফাইনালে পা রেখেছে জুভেন্টাস। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকা ম্যাচের অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন জুভেন্টাসের মার্কো ভুচিনিচ। জুভেন্টাসের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে খেলার শুরু থেকে প্রাধান্য ছিল মিলানেরই। ম্যাচের বয়স যখন মাত্র ছয় তখনই ফরোয়ার্ড স্টিফান এল সারাওয়ির গোলে এগিয়েও যায় মিলান। জিয়ামপাওলো পাজিনি এবং কেভিন প্রিন্স বোয়েটাং-এর ওয়ান টু ওয়ান থেকে পাওয়া বলকে কাজে লাগান স্টেফান। তবে মিনিট ছয়েকের মধ্যেই ব্যবধান ঘোচায় জুভেন্টাস। সেবাস্টিয়ান জিয়োভিঙ্কোর ফ্রি কিক মিলান দেয়ালকে ফাঁকি দিয়ে জালে জড়ালে ম্যাচে সমতা আসে। এরপরে দু’দলই ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছিল না কেউই। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ যখন গড়িয়েছে অতিরিক্ত সময়ে তখনই গোল করে বসেন ভুচিনিচ। প্রথম গোলদাতা জিয়োভিঙ্কোর বদলে ৬৫ মিনিটে মাঠে নামা মার্কো ভুচিনিচ ম্যাচের ৯৬ মিনিটে পাওলো ডি সেগলির রিটার্ন পাস ধরে পাঠিয়ে দেন মিলানের জালে । অতিরিক্ত সময়ের অবশিষ্ট মিনিটে মিলান আর শোধ করতে পারে নি এই গোল। ফলে নিজের মাঠে জয় নিয়েই মাঠ ছাড়ে ওল্ড লেডিরা। উচ্ছ্বসিত জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে এই জয়কে গত সপ্তাহে সাম্পদরিয়ার বিপক্ষে ২-১ গোলের অপ্রত্যাশিত হারের পরে মোক্ষম জবাব বলে অভিহিত করেন। কন্তে বলেন, ‘খেলোয়াড়রা জানত গত রবিবারে যা ঘটেছে সেটির পুনরাবৃত্তি আবার ঘটতে দেয়া কোনমতেই উচিত নয়। পরাজয় কোন ব্যাপার নয়, মূল ব্যাপারটা হল সেই পরাজয়টা কিভাবে এসেছে। আজ আমি সবার কাছ থেকেই দারুণ সমর্থন পেয়েছি। বিশেষ করে এমন কিছু খেলোয়াড়ের কাছ থেকে মাঠে তাদের সামর্থ্যের প্রমাণ দেয়ার খুব কম সুযোগই পেয়েছে। মিলান দারুণ একটা দল এবং তারা তাদের সেরা দলটাকেই মাঠে নামিয়েছিল। তবে পরের পর্বে যেতে আমরা বদ্ধপরিকর ছিলাম এবং আমরা সেটা নিশ্চিত করেছি।’ ল্যাজিওর বিপক্ষে আগামী ২৩ জানুয়ারি রোমে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে জুভেন্টাস।