আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাসেবা ব্যাহত
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২১:০৬
ডাক্তার এবং নার্স স্বল্পতার কারণে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। উপজেলার প্রায় দুই লাখ মানুষের জন্য ডাক্তার রয়েছে মাত্র তিনজন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডাক্তারের মোট পদ সংখ্যা নয়টি। এর মধ্যে মাত্র তিনজন ডাক্তার রয়েছেন। ছয়টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন যাবত্। হাসপাতালের বহিঃবিভাগে গড়ে প্রতিদিন প্রায় দেড়শত রোগী চিকিত্সাসেবা নেয়ার জন্য আসে। স্বল্পসংখ্যক ডাক্তারের কারণে চিকিত্সাসেবা ব্যাহত হয়। রোগীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, এ অভিযোগ বহিঃবিভাগের রোগীদের। রোগীরা আরো জানান, নির্দিষ্ট কিছু ট্যাবলেট ছাড়া অন্য কোন ওষুধ হাসপাতালে পাওয়া যায় না, বাইরে থেকে কিনতে হয়। হাসপাতালে ব্লাড ব্যাংক নেই।
হাসপাতালে নার্সের পদসংখ্যা মোট বারোটি। এর মধ্যে দীর্ঘদিন যাবত্ শূন্য আছে পাঁচটি।
এদিকে ৫০ বেডের জায়গায় বেড রয়েছে মাত্র ৩৫টি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সালাম বলেন, ‘চাহিদার তুলনায় ওষুধ কম থাকে, যেটুকু থাকে সেটুকু রোগীদের মাঝে বিতরণ করি। হাসপাতালের কিছু বেড খারাপ রয়েছে, সেগুলো ঠিক করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।