দুই গ্রুপের সংঘর্ষ
লাখাইয়ে ছাত্রদলের
কর্মী সম্মেলন পণ্ড
আহত ১০
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২১:২৩
হবিগঞ্জের লাখাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কর্মী সম্মেলন পণ্ড হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকালে উপজেলার কালাউক বাজারে ছাত্রদলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
জেলার আমন্ত্রিত নেতৃবৃন্দ সম্মেলনস্থলে পৌঁছার পূর্বে বিকাল সোয়া তিনটার দিকে শ্লোগান দেয়াকে কেন্দ করে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। হাঙ্গামাকরীরা মঞ্চ ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। বিকাল সাড়ে ৩টায় জেলা নেতৃবৃন্দ সম্মেলনস্থলে পৌঁছে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে চলে আসেন। ঘটনার পর থেকে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।