বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি
পে-কমিশনের সুপারিশ
বাস্তবায়নে ফের সময়
পেল সরকার
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২১:৪১
অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরো দুই সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। সরকারের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম সময় চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হয়েছে। এজন্য সরকারের সময় প্রয়োজন। আদালত সময় মঞ্জুর করে বলেছে, এবারই সময় দিচ্ছি। আর কোন সময় দেয়া হবে না। আশা করব, এই সময়ের মধ্যে সরকার সুপারিশ বাস্তবায়ন করবে। প্রসঙ্গত, মাসদার হোসেন মামলার রায়ের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয়। ২০০৯ সালের ডিসেম্বরে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। কিন্তু সুপারিশ বাস্তবায়নে সরকার সময় চায়। এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একাধিকবার সরকারকে সুপারিশ বাস্তবায়নে সময় মঞ্জুর করে।