চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ১ বাংলাদেশিকে আটক ও একজনকে রাবার বুলেটে জখম করার খবর পাওয়া গেছে। কিরনগঞ্জ সীমান্তের ১৭৯নং পিলার এলাকায় বুধবার রাতে ভারতের চুরিঅনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে জমিনপুর গ্রামের নজরুল ইসলাম তুফানির ছেলে এবরান (২৫) আটক ও একই গ্রামের টমাসের ছেলে সাহিন বিএসএফ-এর ছোঁড়া রাবার বুলেটে আহত হয় বলে জানান সোনামসজিদ বিজিবি কোম্পানি কমান্ডার মোহা. শামসুল হক ও কিরনগঞ্জ বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোহা. আ. রশিদ। এ ঘটনায় কিরনগঞ্জ বিজিবি ক্যাম্প থেকে বুধবার রাতেই বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়ায় বৃহস্পতিবার দুপুরে বিজিবির পক্ষে কিরনগঞ্জ বিওপির কমান্ডার ও বিএসএফ-এর চুরিঅনন্তপুর ক্যাম্পের কমান্ডার মনোজ শিং-এর নেতৃত্বে আধাঘণ্টা পতাকা বৈঠক হয় বলেও জানায় বিজিবি। বিএসএফ বলেছে, পতাকা বৈঠকে আটক এবরান জালরুপী নিয়ে ভারতে প্রবেশ করায় তাকে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।