বিপাকে ইটভাটা ব্যবসায়ীরা
বড়পুকুরিয়ার খনিতে কয়লা বিক্রি বন্ধ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৪
দিনাজপুর-পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে গত সোমবার কয়লা বিক্রয় বন্ধের নোটিশ দেয়ায় বিপাকে পড়েছে ইটভাটা ব্যবসায়ীরা। ভাটাগুলোতে কয়লার ব্যাপক চাহিদা থাকায় হঠাত্ করে খনি থেকে এই কয়লা বিক্রয় বন্ধের সিদ্ধান্তে তারা বিপাকে পড়েছে।
বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ইত্তেফাককে বলেন, বর্তমান উত্পাদন ও তাপ বিদ্যুত্ কেন্দ্রের জন্য মজুদের বিষয়টি বিবেচনায় রেখে গত বৃহস্পতিবার খনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কয়লা বিক্রয় না করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি জানান, আগামীতে খনি সংস্কারের কারণে উত্পাদন ব্যাহত হতে পারে। সে জন্য যাতে তাপবিদ্যুত্ কেন্দ্র আগামী বোরো মৌসুমে সমস্যায় না পড়ে তার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ইটভাটা ব্যবসায়ীরা জানায়, এই মুহূর্তে ভাটায় ইট পোড়ানোর মৌসুম চলছে। তাই বড়পুকুরিয়া কর্তৃপক্ষের সিদ্ধান্ত ব্যবসায়ীদেরকে বিপাকে ফেলেছে। এখন ভারতীয় কয়লা আমদানি ছাড়া তাদের কাছে অন্য কোন বিকল্প নেই।
তবে খনি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের পূর্বে যারা কয়লার টাকা জমা দিয়েছে তাদেরকে কয়লা সরবরাহ করা হবে।