মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে নৌ-চলাচল ব্যাহত

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল ১০ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ফের চালু হয়েছে। বুধবার রাত ১১টা থেকে ফেরি সার্ভিস বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুই ঘাটের পাড়ে আটকা পড়ে নাইট কোচসহ ৪শ’ যান। ফেরি সচল হওয়ার পরও যানজট ছিল। এদিকে একই কারণে বুধবার রাত দুইটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ছিল। দুই ঘাটে দেখা যায় তীব্র যানজট। বিশ্ব ইজতেমায় যোগ দিতে কয়েক’শ গাড়ি ঢাকার উদ্দেশে রওনা দিলে এই যানজট প্রকট আকার ধারণ করে। গতকাল বিকাল পর্যন্ত সহস্রাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে ছিল। মাওয়া-কাওরাকান্দি রুটে মাঝ পদ্মায় কনকনে শীতে দেড় সহস াধিক যাত্রীসহ আটকা পড়া ৫টি ফেরি এখন গন্তব্যে রওনা হয়েছে। তবে এই দীর্ঘ সময়ে আটকা পড়ে বিশেষ করে নারী ও শিশুদের পড়তে হয় চরম দুর্ভোগে। বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, ঘন কুয়াশায় কাছের কিছুই দেখা যাচ্ছিল না। এমনকি নৌপথের বিকন বাতি ও মার্কিং পয়েন্টও দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। তবে কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টা থেকে ফেরি আবার স্বাভাবিকভাবে চলছে। বিআইডব্লি¬উটিসি দৌলতদিয়া কার্যালয়ের রেডিও টেলিফোন অপারেটর মাহামুদ হাসান জানান, কুয়াশার কারণে বুধবার দিনগত রাত দুইটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দৌলতদিয়ায় ৫টি, পাটুরিয়া ঘাটে ২টি এবং বাকি ৪টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে থাকতে বাধ্য হয়। সকাল সোয়া নয়টার পর কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।