কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ৩০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া যানজট বিকাল ৩টা পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় বিস্তার লাভ করে। মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে চান্দিনার মাধাইয়া পর্যন্ত মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। হাইওয়ে পুলিশের ময়নামতি ক্রসিং ফাঁড়ির অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, সকাল ৯টায় মহাসড়কের আলেখারচর এলাকায় একটি রড বোঝাই ট্রাক বিকল হলে যানজটের সূত্রপাত ঘটে। অপরদিকে অন্য দিনের তুলনায় বৃহস্পতিবার যানবাহনের বেশি চাপ থাকায় এবং ময়নামতি সেনানিবাস এলাকায় সেনাবাহিনীর গাড়ি চলাচল করায় সিগনালের কারণে যানজট তীব্র আকার ধারণ করেছে।