তানোরে পুকুর থেকে রাজশাহী কলেজ ছাত্রের লাশ উদ্ধার

গতকাল বৃহস্পতিবার বিকালে তানোর পৌরসভার হরিদেবপুর গ্রামের একটি পুকুর থেকে পুলিশ রাজশাহী কলেজের অনার্স (ব্যবস্থাপনা) চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিখিল ওরফে বিটু সরকারের (২৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। এসময় তার পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড ও মানিব্যাগসহ বিভিন্ন কাগজপত্র পাওয়া গেলেও তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি। সে উপজেলার কামারগাঁ ইউপির পারিশো গ্রামের দিলীপ সরকার ও পারিশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মালতী ভদ্রের একমাত্র পুত্র। পুলিশ জানায়, গত রবিবার নিখিল বাড়িতে আসে। বুধবার সকালে মায়ের নিকট থেকে টাকা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু সন্ধ্যায় বাবা-মা তার মোবাইল বন্ধ পায়। গতকাল বিকালে মা তার লাশ উদ্ধারের খবর পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে জেলার এসপি তওফিত মাহবুব চৌধুরী ও সদর সার্কেল এএসপি আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তানোর থানার ওসি বলেন, নিখিল পরিকল্পিত হত্যার শিকার। খুনিদের চিহ্নিত করতে পুলিশী তদন্ত শুরু হয়েছে।