হাইকোর্টের বিচার আসনে বিচারপতি নিজামুল হক

প্রবাসী এক আইনজীবীর সঙ্গে স্কাইপ সংলাপ প্রকাশের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক হাইকোর্টের বিচার কাজে অংশ নিয়েছেন। প্রায় এক মাসের ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের ৬ নম্বর আদালতে বসে তিনি দেওয়ানি মামলা নিষ্পত্তি করেছেন। বেঞ্চে বসার পর আইনজীবীদের অভিনন্দনের জবাবে বিচারপতি নিজামুল হক বলেন, মনে হচ্ছে তিন বছর পরে হাইকোর্টের বিচার আসনে বসলাম। সবকিছু নতুন লাগছে। বিচারপতি নিজামুল হককে দেওয়ানি রিভিশন মোকদ্দমা এবং একক বেঞ্চে গ্রহণযোগ্য সকল লয়াজিমা বিষয় শুনানির এখতিয়ার দিয়েছেন প্রধান বিচারপতি। সংশ্লিষ্ট আদালতের কার্যতালিকায় ১৬টি মামলা শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধাপরাধের বিচার নিয়ে প্রবাসী আইনজীবী ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে স্কাইপ সংলাপ বৃটিশ প্রভাবশালী দ্য ইকোনমিস্ট ও দৈনিক আমার দেশে প্রকাশের পর বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন। গত ১১ ডিসেম্বর পদত্যাগের পর থেকে তিনি ছুটিতে ছিলেন। প্রসঙ্গত, ২০১০ সালের ২৫ মার্চ হাইকোর্টের এই বিচারপতিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয় সরকার।