প্রেসক্লাব নেতৃবৃন্দের উদ্বেগ

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সরকার ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা দায়ের করেছে। প্রায় এক মাস ধরে তিনি অফিসে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। বিচারের অধিকার থেকেও তিনি বঞ্চিত। একজন সম্পাদক হিসাবে তার জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ ধরনের তত্পরতা সুস্থ সাংবাদিকতা এবং গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ও প্রতিষ্ঠার ক্ষেত্রে একদিকে যেমন মারাত্মক অন্তরায় হিসাবে কাজ করবে, অন্যদিকে দেশের সম্পাদকীয় প্রতিষ্ঠানকেও হুমকির মধ্যে ফেলে দেবে।