খালেদা জিয়াকে জঙ্গি সন্ত্রাসী যুদ্ধাপরাধীদের পক্ষ ত্যাগ করার আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের পক্ষ ত্যাগ করার জন্য বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জঙ্গি, সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দমনে মহাজোট সরকার যখন প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক তখন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নীরবতা রহস্যজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর বিরোধী দলীয় নেত্রী তাঁর দুর্নীতিবাজ দুই পুত্র ও আত্মীয়-স্বজনদের রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, নির্বাচন নিয়ে কথা বলতে চান? সংলাপের জন্য আমরা দু’পায়ে খাড়া হয়ে আছি। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার ভেড়ামারার জিকে রেস্ট হাউজে সিএনজি অটোরিক্সা মালিক ও চালকদের সাথে মতবিনিময়, ভেড়ামারা আলিম মাদ্রাসার ভবন উদ্বোধন ও মতবিনিময়, সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন, মতবিনিময় ও কম্বল বিতরণ, ভেড়ামারা চক্ষু হাসপাতাল উদ্বোধন ও ভেড়ামারা তাহের মাধ্যমিক বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিএমএ সেক্রেটারী ডাঃ আমিনুল ইসলাম রতন, কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ তরুণ কান্তি হালদার, ভেড়ামারা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান আলী, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রমুখ।