পাকিস্তানে ড্রোন হামলায় ৬ জন নিহত
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপ-জাতীয় অধ্যুষিত এলাকায় বৃহস্পতিবার মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ছয় জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের একটি কম্পাউন্ড ও মোটরসাইকেল লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানে এটা এক সপ্তাহে পঞ্চম ড্রোন হামলার ঘটনা। -খবর এএফপির। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেন, মার্কিন ড্রোন থেকে একটি বাড়ি লক্ষ্য করে দুটি ও পাশের একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে অপর দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে ছয় জঙ্গি নিহত হয়। নিহতদের মধ্যে চার জন বাড়িতে ছিল ও দুইজন মোটরসাইকেলে ছিল। মিরানশাহ্র এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। নিহতদের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।
কোয়েটায় বিস্ফোরণে নিহত ১১
বিবিসি জানায়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে গতকাল বৃহস্পতিবার বিকট বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। শহরের পুলিশ প্রধান বলেন, বোমা বিস্ফোরণে আরো ২৭ জন আহত হয়েছে। আধাসামরিক বাহিনীর সদস্য বহনকারী যানবাহনে বোমটি পেতে রাখা হয়েছিল। জঙ্গি গ্রুপ ইউনাইটেড বেলুচ আর্মি হামলার দায় স্বীকার করেছে। তালেবানসহ বিভিন্ন জঙ্গি গ্রুপ প্রায়ই এই প্রদেশের সীমান্ত এলাকায় হামলা চালায়।