বাগমারা উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৮
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের দিন মোটর সাইকেল ভাংচুরের মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়াকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে গত বুধবার এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এনামুল হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্যানেল চেয়ারম্যান-১ ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টারকে উপজেলা পরিষদের (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন।