ভালুকায় প্রাথমিক শিক্ষার্থীদের টিফিন বিতরণ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪০
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা ও মেদুয়ারী, ডাকাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নতুন ১০টি বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। উপজেলার উথুরা ইউনিয়নের কাইয়ানারা আমিনপাড়া, বনগাঁও, নারাঙ্গী মর্চি, খোলাবাড়ি, মেদুয়ারি ইউনিয়নের রামপুর উত্তরপাড়া, ছোট লোহাবই, জগেবড়, সোয়াইল, ডাকাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর, সোনাখালী, ডুমনিঘাট, পাঁচগাঁও, ডাকির ভিটা ও পশ্চিম কাতলামারি, মল্লিকবাড়ী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর, বর্তা, আখালিয়াপাড়া, ভালুকা পৌর এলাকার ৭নং ওয়ার্ড দক্ষিণ ভালুকা, ভালুকা ইউনিয়নের মেহেরাবাড়ী, ধীতপুর ইউনিয়নের বেপারীপাড়া, পশ্চিম বাদেপুরুড়া বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয়গুলোর সব শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে ডিম, কলা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ইছাক আলী, আনম নূরুল মাউফ খান মোমেন, আতিকউজ্জামান লস্কর, শফিকুল ইসলাম কামাল, ফুনডাসিয়ন ইন্টারভিডা বাংলাদেশ’র ময়মনসিংহ জেলার কো-অর্ডিনেটর এটিএম রফিকুল ইসলাম, মরচি নারাঙ্গী দাখিল মাদ্রাসার সহ. শিক্ষক শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. ওয়াদুদ, আকরাম হোসেন, সাধন বর্মণ, নাজমা আক্তার, রফিকুল ইসলাম, জাহানার আক্তার, আলী হোসেন, ফজলুল হক, হাজেরা আক্তার, নাজনীন সুলতানা, রুহুল আমীনসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুনডাসিয়ন ইন্টারভিডা বাংলাদেশ’র ময়মনসিংহ জেলার কো-অর্ডিনেটর এটিএম রফিকুল ইসলাম জানান, টিফিন হিসেবে ডিম, কলা সপ্তাহে ৩ দিন প্রদান করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল ও স্কুল ব্যাগ বিতরণের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, ফুনডাসিয়ন ইন্টারভিডা বাংলাদেশ’র তত্ত্বাবধানে বিগত ২০১২ সাল পর্যন্ত ভালুকা ও ত্রিশাল উপজেলায় ১০টি বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয় এবং নিজস্ব ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল এবং ২০১৩ সালে আরো নতুন ১০টি বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয়কে কর্মসূচির আওতাভুক্ত করা হয়। স্থানীয় অভিভাবকদের অভিমত, এ কার্যক্রম প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়া রোধে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখবে।