হিলিতে ‘সম্মুখ সমর’ উদ্বোধন কত দিনে
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৯
দিনাজপুরের হিলির বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের দক্ষিণ পার্শে মুহাড়াপাড়ায় মুক্তিযুদ্ধকালীন ৩৪৫ জন ভারতীয় সৈন্য নিহতের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘সম্মুখ সমর’ এখনো উদ্বোধন হয়নি। নির্মাণের সাত মাস পেরিয়ে গেলেও উদ্বোধনের অপেক্ষায় পড়ে আছে এই স্মৃতিস্তম্ভটি। তবে দিনাজপুর গণপূর্ত বিভাগ কর্তৃপক্ষ বলছেন, সম্মুখ সমরের ইতিহাস তৈরি ও খোদাইয়ের কাজ না হওয়ায় এখনই উদ্বোধন করা যাচ্ছে না।
জানা গেছে, ১৯৭১ সালের ৯ ও ১০ ডিসেম্বর মিত্রবাহিনী বিজয় উল্ল¬াস করতে করতে এই পথ দিয়ে ভারতে ফিরছিলেন। এসময় পাক হানাদার বাহিনী ও মিত্রবাহিনীর মধ্যে প্রচণ্ড সম্মুখ যুদ্ধ শুরু হয়। সেই সাথে বিমান হামলাও চালানো হয়। এতে মিত্রবাহিনীর ৩৪৫ জন সৈন্য নিহত এবং আহত হয় অন্তত ১৪শ’। এদিকে দিনাজপুর গণপূর্ত বিভাগ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নজিবর রহমান বলেন, সরকার মুক্তিযুদ্ধকালীন উল্লেখযোগ্য সম্মুখ সমরের স্থান সংরক্ষণ ও উন্নয়ন শীর্যক প্রকল্পের আওতায় দিনাজপুরের হিলিতে একটি সম্মুখ সমর নির্মাণের কাজ শুরু করে। বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে ২০ শতক জায়গার ওপর ৪২ লাখ টাকা ব্যয়ে এই কাজ গত বছরের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে শেষ হয়। তিনি আরো জানান, সম্মুখ সমরের নকশায় প্রথম দিকে সীমানা প্রাচীর না থাকা এবং কিছু পরিবর্তনের কারণে সময় ক্ষেপণ হয়েছে। এছাড়া সম্মুখ যুদ্ধের ইতিহাস তৈরির কাজ এখনো শেষ হয়নি। আর এ কারণে বিজয়ের মাসে উদ্বোধন করা গেল না। এখন খোদাইয়ের কাজ শেষ হলে উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করা হবে।
হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম উদ্বোধন করবেন এই অপেক্ষায় গত ছয় মাস আগে সম্মুখ সমরের নির্মাণ কাজ শেষ হলেও ওই অবস্থায় পড়ে আছে। এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আলম কনস্ট্রাকশনের মালিক লতিফুল আলম বলেন, কাজ শেষ করে সম্প্রতি দিনাজপুর গণপূর্ত বিভাগ কার্যালয়ে বিল দাখিল করা হয়েছে। যদিও এলাকাবাসীর অভিযোগ, দায়সারাভাবে কাজ শেষ করা হয়েছে এবং কাজে ব্যাপক অনিয়ম রয়েছে। এখনও বালু ফিলিং করা হয়নি।