দর্শনা মা ও শিশু হাসপাতালে তালা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা ) সংবাদদাতা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২০:২২
দর্শনা মা ও শিশু হাসপাতালে তালা মারার অভিযোগে গতকাল শুক্রবার ভোরে পৌর কাউন্সিলর ফারুক আহম্মেদকে তার বাড়ি থেকে দামুড়হুদা পুলিশ আটক করেছে। দর্শনা মা ও শিশু হাসপাতালের সভাপতি আব্দুল হান্নান জানান, ভিত্তিহীন একটি অভিযোগের ভিত্তিতে ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ফারুক আহম্মেদ আগের দিন বিকালে প্রধান গেটে তালা মেরে দিলে সন্ধ্যায় দামুড়হুদা থানায় অভিযোগ করা হয়। শুক্রবার ভোরে দামুড়হুদা মডেল থানার পুলিশ তাকে বাড়ি থেকে ভোর ৪টার দিকে আটক করে নিয়ে যায়।
চিনিকলের কৃষি খামার ইনচার্জ প্রহূত
দর্শনা চিনিকলের ছয়ঘরি কৃষি খামার ইনচার্জ ইলিয়াজ হোসেনকে সন্ত্রাসীরা মারপিট করে সংজ্ঞাহীন করে ফেলেছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষি খামার ইনচার্জ ইলিয়াজ হোসেন স্থানীয় মাঠে আখ দেখার কাজে গেলে ওত পেতে থাকা কতিপয় সন্ত্রাসী তাকে জাপটে ধরে অপহরণের চেষ্টা করে । চিত্কার করলে তাকে বেধড়ক মারপিট করে ওই মাঠেই অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রাতেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করে। এ বিষয়ে ৫ জনকে আসামি করে দামুড়হুদা থানায় মামলা করেছে।