তিন ইউপি চেয়ারম্যানসহ ১৬ নেতা জেলে
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২০:২২
ময়মনসিংহের গৌরীপুরের তিন ইউপি চেয়ারম্যানসহ বিএনপি’র ১৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণে বুধবার গৌরীপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিল শেষে শহীদ হারুন পার্কে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক কোয়াছম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলী আকবর আনিছ, পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস, কাউন্সিলার ও যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, সাবেক কাউন্সিলার মনির উদ্দিন সওদাগর, শ্রমিকদলের সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, তরুণদলের খাইরুল ইসলাম কেলন, ছাত্রনেতা লিটন প্রমুখ। দেশব্যাপী অবরোধের অংশ হিসেবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর বাসস্ট্যান্ডে বিএনপি’র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের ২৫জন আহত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধূ ভূষণ দাস বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন।
মামলায় উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বোকাইনগর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহিদ, যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন, মইলাকান্দা ইউপি চেয়ারম্যান ছাত্রদল নেতা রিয়াদুজ্জামান রিয়াদ, মত্স্যজীবী দল নেতা মো. জালাল উদ্দিন আহাম্মেদ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুব কবির, বিএনপি, ছাত্রদল ও যুবদলের মশিউর রহমান, রাকিবুল, কালাচান, মো. সেলিম, নজরুল ইসলাম, মজিবুর রহমান, রানা মিয়া, জমশেদ আলী, ফেরদৌস আহাম্মেদ, সোহাগ ও নজরুল ইসলাম মঙ্গলবার ময়মনসিংহের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।