টেস্ট ও ওয়ানডের অধিনায়ক থাকছেন মিসবাহ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২০:৪১
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের অধিনায়ক হিসাবে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মিসবাহ উল হকের ওপরই আস্থা রেখেছে।
বর্তমানে ৩৮ বছর বয়সী মিসবাহ ভারত সফরের ওয়ানডে সিরিজে বলার মতো কোন নৈপুণ্য দেখাতে ব্যর্থ হয়েছেন। পিসিবি গত বছর ধীরগতির রান সংগ্রহের জন্য মিসবাহকে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এমনকি দলেও ছিলেন না ডান-হাতি এই ব্যাটসম্যান।
কিন্তু পিসিবিসূত্র পিটিআইকে জানায়, জাতীয় নির্বাচকরা বোর্ডের সাথে কথা বলেছে। আর সেখানে সিদ্ধান্ত হয়েছে মিসবাহ অধিনায়কের দায়িত্ব পালন করে যাবেন টেস্ট ও ওয়ানডেতে। সেক্ষেত্রে মোহাম্মদ হাফিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকছেন।
পাকিস্তান দল আগামী ২০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার জন্য। সূত্র জানায়, ‘সম্প্রতি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের জন্য বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফ মিসবাহর নেতৃত্ব নৈপুণ্যে খুশি। মিসবাহর বয়স সমস্যার ক্ষেত্রেও ইতিবাচক সংবাদ পাওয়া গেছে। সে পুরো ফিট, আত্মবিশ্বাস রয়েছে এবং দলে শৃঙ্খলাও রয়েছে। নেতৃত্ব গুণাবলী তো আছেই।’
মিসবাহ ভারত থেকে ফেরার পর জানান, যতক্ষণ সামর্থ্য আছে এবং উপভোগ করেন ততক্ষণ ওয়ানডে ক্রিকেট ছাড়তে চান না। তিনি বলেন, ‘পাকিস্তানে প্রচলিত আছে যদি কেউ আমার মত বয়সী হয় তার শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলা উচিত নয়। এটা আমি মানি না। আমার অভিষেক হয়েছে দেরিতে। বিশ্বাস করি কেউ যদি ফিটনেস ধরে রাখতে পারে এবং পারফর্ম করতে প্রস্তুত থাকে শীর্ষ পর্যায়ে সেখানে ভুল নেই।’