নারী আন্দোলনে সুযোগের চেয়ে ফলাফলের কার্যকারিতা গুরুত্বপূর্ণ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০১
নারী আন্দোলনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গী পাল্টানোর কথা বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আগে সুযোগের জন্য আন্দোলন করতে হতো। কিন্তু বাস্তবে দেখা যায় আইন করেও তা বাস্তবায়ন হচ্ছে না। এজন্য সুযোগের স্বাধীনতার চেয়ে ফলাফলের স্বাধীনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে সুযোগ ফল দেয় না সে সুযোগের কোন অর্থ নেই।
শুক্রবার মহিলা পরিষদের ঢাকা মহানগরী শাখার দ্বাদশ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা পরিষদের সভাপতি ও নারী নেত্রী আয়শা খানম। সংগঠনটির ঢাকা মহানগরীর সভাপতি সৈয়দা শামসে আরা হোসেন ও সাধারণ সম্পাদক সারাবান তহুরা এতে উপস্থিত ছিলেন।
ড. দেবপ্রিয় বলেন, গত চার দশকে আর্থ-সামাজিক, কর্মক্ষেত্র, রাজনৈতিক, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের নারীদের অগ্রগতি হয়েছে এটা এক কথায় সকলে স্বীকার করবে। অনেকক্ষেত্রে পুরুষের সূচকের চেয়ে নারীদের সূচক বেড়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যেসব খাত দেশের অর্থনীতিকে নেতৃত্ব দিচ্ছে সেসব খাতে নারীর উপস্থিতি সবচেয়ে বেশি। এক্ষেত্রে তিনি কৃষি, তৈরি পোশাক, নির্মাণ শ্রমিকের কথা উল্লেখ করেন।
সম্মেলনে দেশের পরিস্থিতি, প্রগতির ধারা, বৈষম্যে নতুন প্রকাশ এবং জনজীবনে নারীর বিশেষ সমস্যা প্রভৃতি বিষয় উঠে আসে। আর এসব ঘটনার পেছনে দেশের রাজনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরা হয়।