২৮৮ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০২
মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের জলবায়ু ও প্রতিবেশ রক্ষায় জনগণের জীবিকায়নের মাধ্যমে বাংলাদেশের বনাঞ্চল ও জলাভূমির উন্নয়নে ইউএসএআইডি একটি প্রকল্প গ্রহণ করেছে।এ প্রকল্পের আওতায় বাংলাদেশ ৩৬ মিলিয়ন মার্কিন ডলার (২৮৮ কোটি টাকা) অর্থ সহায়তা পাবে।
এ বিষয়ে গৃহীতব্য প্রকল্পের কার্যক্রম ও এর বাস্তবায়ন কৌশল সম্পর্কে আলোচনার জন্য ইউএসএআইডি বাংলাদেশের পরিচালক ড. রিচার্ড গ্রিণের নেতৃত্বে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে তার সচিবালয়ের অফিসে দেখা করেন। সাক্ষাত্কালে মন্ত্রী প্রকল্পের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
সিলেট, পার্বত্য চট্টগ্রাম এবং সুন্দরবন অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর সাথে একটি সহ-ব্যবস্থাপনা গড়ে তুলে তাদের জন্য বিকল্প আয়ের সংস্থান করা হবে এ প্রকল্পের মাধ্যমে। এতে জীবিকার জন্য বনজ ও জলাভূমির ওপর মানুষের চাপ কমে যাবে। প্রকল্পের মাধ্যমে ৭ লাখ হেক্টর বনভূমি সহ-ব্যবস্থাপনার আওতায় আসবে এবং এ প্রকল্প বাস্তবায়নের ফলে ৪ লাখ ৫০ হাজার জনগণ উপকৃত হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট সমপ্রতি বাঁশের তৈরি আসবাবপত্রের উদ্ভাবন করেছে। আলোচিত প্রকল্পের মাধ্যমে পাহাড়ি এলাকায় বাঁশের আসবাব তৈরি করে বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করা যেতে পারে। বিষয়টি প্রকল্প কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলে রিচার্ড গ্রিণ মন্ত্রীকে অবহিত করেন।
আলোচনা প্রসঙ্গে রিচার্ড গ্রিণ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সহায়তার পরিমাণ বিগত বছরের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি করেছে, যা অন্যান্য দেশে ৫ শতাংশেরও কম।
বন এবং জলভূমি প্রাকৃতিক সম্পদের উপরে জীবিকায়নের জন্য নির্ভরশীল জনগণের সাথে সহ-ব্যবস্থাপনা এবং বিকল্প জীবিকায়নের ব্যবস্থা প্রচলনের মাধ্যমে প্রতিবেশ উন্নয়নে এ প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ।