জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস আজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০৩
আজ ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। ৪২ বছর পেরিয়ে আজ ৪৩তম বছরে পদার্পণ করছে বিশ্ববিদ্যালয়টি। ১৯৭০ সালে ২০ আগস্ট তত্কালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসাবে যোগদান করেন বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক মফিজউদ্দিন আহমেদ। ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার এডমিরাল এসএম আহসান বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আর এজন্য ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হলেও ১২ জানুয়ারিকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে পালন করা হয়। পরবর্তীতে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় এ্যাক্ট পাস হলে এতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়। এবারের বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নেয়া দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে সকাল সাড়ে নয়টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে সমাবেশ, দশটায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন ঘোষণা। সকাল সোয়া দশটায় প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জাবি স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অতিথিদের অংশগ্রহণে র্যালি। এছাড়া আজ শনিবার কোনো বিভাগে পরীক্ষা গ্রহণের পূর্ব-ঘোষিত কর্মসূচি থাকলে পরীক্ষা গ্রহণ বিষয়ে স্ব-স্ব বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানানো হয়েছে।