বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

রাজধানীর আসাদগেটে বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এনামুল হক (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এনামুলসহ কয়েকজন শ্রমিক একটি বিলবোর্ড লাগাচ্ছিলেন। এ সময় এনামুলের হাতে থাকা একটি লোহার পাইপ বিদ্যুত্ লাইনে লাগলে তিনি নিচে পড়ে যান। অপর শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২ টায় জরুরি বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এনামুলের সহকর্মী গোলাম হোসেন জানান, এনামুলের বাড়ি গাজীপুরে। তবে তিনি গুলশানের শাহজাদপুরে থাকতেন।