নাসাকার গুলিতে নিহত জেলের লাশ ৩ দিনেও উদ্ধার হয়নি

টেকনাফের নাফনদীতে নাসাকার গুলিতে নিহত বাংলাদেশি জেলে মোহাম্মদ ফারুকের লাশ গত ৩দিনেও মেলেনি। নাফনদীতে বুধবার বিকালে কাঁকড়া শিকাররত অবস্থায় মিয়ানমার সীমানায় ঢুকে পড়লে নাসাকার গুলিতে নিহত হয় ফারুক। তবে নাসাকা বিজিবির কাছে গুলিবর্ষণের কথা অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের নীলা ইউনিয়নের গুদাম পাড়া এলাকার মোঃ ফারুক (১৮) ও ইসমাইল গত বুধবার নাসাকার পাস (সাপ্তাহিক চুক্তি) নিয়ে মিয়ানমারের ক্যাংব্রাং এলাকায় কাঁকড়া শিকারে যায়। কিন্তু তাদেরকে ডাকাত ভেবে নাসাকা সদস্যরা গুলি করলে ফারুক নিহত হয়। এসময় ইসমাইল পালিয়ে এসে ঘটনার কথা জানায়। পরদিন বৃহস্পতিবার বিজিবির একটি দল মিয়ানমারের সাথে বৈঠক করে ঘটনার প্রতিবাদ জানালে নাসাকা গুলিবর্ষণের কথা অস্বীকার করে। এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, পালিয়ে আসা জেলে ইসমাইলের নৌকায় কোন রক্তের দাগ পাওয়া যায়নি। তাই নাসাকার গুলিবর্ষণের ঘটনাটি এখনও রহস্যজনক।