এ সরকার আবার
১/১১ আনতে
পারে :তরিকুল
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
গতকাল শুক্রবার ছিল কথিত ১/১১ এর ছয় বছর পূর্তি। এ উপলক্ষে গতকাল রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। মিছিলের আগে বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ ীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সমন্বয়ক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার ভোটের অধিকার হরণ করে দেশে আবার ওয়ান-ইলেভেন আনতে পারে। জনগণকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা (১৮ দল) ওয়ান-ইলেভেনকে ঘৃণা করি। তাই কালো পতাকা মিছিল করছি। কিন্তু আওয়ামী লীগ তা করছে না। কারণ তারা ওয়ান-ইলেভেনের সুবিধাভোগী। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন দিন, দেশ বাঁচুক, গণতন্ত্র বাঁচুক।
বিকাল চারটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ ীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে মগবাজারে এসে শেষ হয়। এর আগে দুপুর থেকে ঢাকার বিভিন্ন ইউনিট থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে এসে ১৮ দলের নেতা-কর্মীরা নয়াপল্টনে জমায়েত হন। মিছিলকারীদের হাতে ছিল কালো পতাকা ও ব্যানার। মিছিলে জামায়াত-শিবিরের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
সমাবেশে ১৮ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, জামায়াতের হামিদুর রহমান আযাদ, ড. শফিকুল ইসলাম মাসুদ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু প্রমুখ।