আন্দোলনের নামে জনগণকে জিম্মি করবেন না :সুরঞ্জিত

দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বিএনপির উদ্দেশে বলেছেন, আন্দোলনের নামে আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টির জন্য সংসদ ও জনগণকে জিম্মি করা থেকে বিরত থাকুন। সাংবিধানিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য সংসদে এসে উন্মুক্ত আলোচনায় অংশ নিন। গতকাল শুক্রবার দুপুরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বিশিষ্ট সাংবাদিক প্রয়াত নির্মল সেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, বিরোধী দল সংসদে আসে না কথাটি ঠিক নয়। তারা সদস্যপদ রক্ষার জন্য সংসদে আসেন। বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সদস্যপদ রক্ষার জন্য নয়, সংসদে এসে প্রকাশ্য আলোচনায় অংশ নিন। আগামী নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় তা নিয়ে আলোচনা করুন। সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, মান্নান-জলিলের মত আলোচনা নয়। আলোচনা হতে হবে প্রকাশ্যে। সেই আলোচনার জন্য উত্কৃষ্ট স্থান হচ্ছে জাতীয় সংসদ। ঢাকা মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম-আহ্বায়ক ফাতেমা জামান সাথীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অভিনেতা এটিএম শামসুজ্জামান, অভিনেতা ড. এনামুল হক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।