৭১-এর ঘটনায় জরিপ
বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার পক্ষে ৩৪ ভাগ পাকিস্তানি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
পাকিস্তানের ৩৪ ভাগ লোক মনে করে ১৯৭১ সালের অন্যায়ের জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া উচিত। অন্যদিকে ৪৫ ভাগ লোক মনে করে বাংলাদেশের কাছে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া উচিত নয়। পাকিস্তানে এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। গিলানি রিসার্চ ফাউন্ডেশন গ্যালাপ পাকিস্তানের মাধ্যমে এই জরিপ চালায়। খবর দ্যা নিউজ ট্রাইবের
পাকিস্তানের চারটি প্রদেশের শহর ও গ্রামের ২ হাজার ৬৩৭ জন নারী ও পুরুষের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে প্রশ্ন করা হয়েছিল:কিছু লোক মনে করে ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের জনগণের ওপর যে অন্যায় করেছে তারজন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া উচিত, আপনি কি মনে করেন? জরিপে অংশগ্রহণকারী ৪৫ ভাগ লোক ক্ষমা চাওয়ার বিপক্ষে, ৩৪ ভাগ পক্ষে ও ২১ ভাগ লোক কোন মতামত দেয়নি।