সমালোচনার মুখে ওবামা

যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভায় শ্বেতাঙ্গদের আধিপত্য

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় একঝাঁক শ্বেতাঙ্গকে নিয়োগ দেয়ায় সমালোচনার মুখে পড়েছেন। অথচ তিনি দেশটিতে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। এমনকি নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেও এ নিয়ে সমালোচনা হচ্ছে। খবর রয়টার্সের। ওবামা প্রথমে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের জায়গায় জন কেরিকে মনোনয়ন দেন। এরপর প্রতিরক্ষামন্ত্রী পদে চুক হেগেলকে, সিআইএ’র প্রধান পদে জন ব্রেনানকে মনোনয়ন দেন। বৃহস্পতিবার অর্থমন্ত্রী হিসেবে জ্যাক লিউকে মনোনীত করেন ওবামা। মনোনয়নপ্রাপ্তরা সবাই শ্বেতাঙ্গ পুরুষ। এর বিপরীতে ওবামা মন্ত্রিসভার প্রথম হিস্প্যানিক নারী শ্রমমন্ত্রী হিলদা সোলিস বুধবার পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া গত মাসে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত সংস্থার প্রধান লিসা জ্যাকসন (একজন কৃষ্ণাঙ্গ নারী) জানিয়েছেন, পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে। ওবামার এই মনোনয়নের বিষয়ে মার্কিন কংগ্রেসের সর্বজ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ সদস্য নিউইয়র্কের ডেমোক্র্যাট নেতা চার্লস র্যাঙ্গেল বলেন, এটা নরকের মতো বিব্রতকর। কংগ্রেসে সব নারী প্রতিনিধি পাঠানো একমাত্র রাজ্য নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্র্যাট সিনেটর জ্যানি শাহিন বলেছেন, এসব মনোনয়ন হতাশাজনক। আমরা এমন একটি সরকার যা পুরো আমেরিকাকে প্রতিনিধিত্ব করবে। কিন্তু আমরা এখন বর্ণভেদ লক্ষ্য করছি। এই সমালোচনায় যোগ দিয়েছেন রিপাবলিকানরাও। সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক হুকাবে ওবামার বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগ এনেছেন। দ্বিতীয় মেয়াদের নির্বাচনে ওবামা নারীদের প্রায় ৫৫ শতাংশ ভোট পান এবং রমনি পান ৪৩ শতাংশ ভোট।