সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে :মওদুদ আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, বর্তমান সরকারের মন্ত্রী, এমপিদের দুর্নীতির কারণে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে শত শত কোটি টাকার পাহাড় বানিয়েছে। দুর্নীতিবাজ মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধীদলকে দমানোর জন্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেফতার ও হয়রানি করছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আনতে হবে। বাংলাদেশের মাটিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। তিনি গতকাল শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আফতাব আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি হাসনা জসিমউদ্দিন মওদুদ। এতে আরো বক্তব্য রাখেন আবদুল হাই সেলিম, কামালউদ্দিন চৌধুরী, জুলফিকার হায়দার রিপন, মো. আবু নাছের, মাঈনউদ্দিন মাসুম, মো. শাহজাহান, আবদুল মালেক মেম্বার প্রমুখ। এছাড়া তিনি সকাল ১১টায় উপজেলার চরহাজারী ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।