যুক্তরাষ্ট্রে আবারো গুলি

শিক্ষকের হস্তক্ষেপে রক্ষা পেল অনেকে

যুক্তরাষ্ট্রে একটি স্কুলে আবার গুলির ঘটনা ঘটেছে। তবে শিক্ষকের হস্তক্ষেপে আর একটি নির্বিচার গুলিবর্ষণে হত্যার ঘটনা থেকে রক্ষা পেয়েছে অনেকে। বন্দুকধারীর সঙ্গে কথা বলে তাকে নিরস্ত্র করেন ওই শিক্ষক ও বিদ্যালয়ের অপর এক কর্মকর্তা। তবে তার আগেই বন্দুকধারীর গুলিতে মারাত্মক আহত হয় বিদ্যালয়টির এক ছাত্র। হাসপাতালে ভর্তি ওই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসি ও রয়টার্সের গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের একটি ছোট শহরে ট্রাফট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারাত্মক হত্যাকাণ্ডের ঘটনা এড়াতে পারায় ওই শিক্ষকের প্রশংসা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর কাছে যথেষ্ট গুলির মজুদ ছিল। স্কুলের ছাত্র ও কর্মীরা পুলিশকে ফোন করে কিন্তু পুলিশ আসার আগেই বিদ্যালয়ের সায়েন্স ব্লকের দুই ছাত্রকে গুলি করে ওই বন্দুকধারী। একজনের গায়ে গুলি লাগে আর অপরটি ফস্কে যায়। এই বন্দুকধারীকে গত বছর স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। এদিকে টেক্সাসের একটি স্কুলের ১১ বছর বয়সী ছাত্র স্কুলে অস্ত্র আনার হুমকি দিয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। মাত্র চার সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের কনেকটিকাট রাজ্যের স্যান্ডিহুক প্রাথমিক বিদ্যালয়ে এক নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় বন্দুকধারীসহ ২৭ জন নিহত হয়েছিল। ওই ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।