বর্ণাঢ্য আয়োজনে জাবি দিবস পালন

বর্ণাঢ্য আয়োজনে শনিবার পালিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। গতকাল সকাল সাড়ে দশটায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন। এ সময় শিক্ষার্থীরা ‘যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার, এই দিবসের অঙ্গীকার’ শ্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে শোভাযাত্রা বের করে। এতে নেতৃত্ব দেন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। সকাল এগারটায় সেলিম আল দীন মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিদের মধ্যে অধ্যাপক জসীম উদ্দীন আহমেদ এবং অধ্যাপক মুনিরুজ্জামানকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা শেষে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।