মিরসরাইয়ে মাইক্রো
উল্টে বরসহ নিহত ২
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২১:০৩
চট্টগ্রামের মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে বর নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ১১ জন বরযাত্রী। অপরদিকে আরো একটি সড়ক দুর্ঘটনায় বারইয়ারহাটে এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাইপাস রোডে মাইক্রোবাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ এলাকার মধ্যম সোনাপাহাড় গ্রামের তুর্কি টিলা এলাকা থেকে ঐ দিন কক্সবাজারের চকরিয়া উপজেলায় বরসহ যাত্রীরা যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাইপাস রোড এলাকায় একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে বরসহ ১১ জন বরযাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক বর নিজাম উদ্দিনকে (২৭) মৃত ঘোষণা করে।
অপরদিকে, শুক্রবার সকালে অন্য একটি দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত মহিলার মৃত্য ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আবুল হাসান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত মাইক্রেবাসটিকে উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।