টাঙ্গাইলে শিক্ষক ধর্মঘটে লেখাপড়া বিঘ্নিত

টাঙ্গাইলের গোপালপুর, মধুপুর ও ধনবাড়ি উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল শনিবার অবিরাম ধর্মঘট শুরু হওয়ায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়া শিকেয় উঠেছে। শিক্ষাবর্ষের শুরুতেই ধর্মঘট শুরু হওয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন। জানা যায়, মাত্র দুই সপ্তাহ আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। সাপ্তাহিক ছুটি বাদে ৫/৬ দিন ক্লাস চলার পর শিক্ষা জাতীয়করণসহ ১৭ দফা দাবিতে শিক্ষকরা পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এ অবিরাম ধর্মঘটে নামে। গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ জানান, সরকার বেসরকারি শিক্ষকদের দাবি বাস্তবায়নে টালবাহানা করায় শিক্ষকরা অবিরাম ধর্মঘটে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে না।